আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটি। তাদের মতে, বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়।
শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা কমিটির সভায় দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় বলা হয়, শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি, সন্ত্রাস দমনে দৃশ্যমান অগ্রগতি নেই এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।
কমিটির সদস্যরা অভিযোগ করেন, সাম্প্রতিক কিছু ঘটনায় প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে, যা নির্বাচনী পরিবেশের জন্য ক্ষতিকর। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সভায় কমিটির সভাপতি মাওলানা এ টি এম মা’ছুম উদ্বোধনী বক্তব্য দেন। পাশাপাশি নির্বাচন পরিচালনার কার্যক্রম জোরদার করতে উপকমিটি গঠন ও দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়।