আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এসেছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া সৈয়দ এ সিদ্দিক সাজু সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৪ আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে ‘মায়ের ডাক’-এর সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলিকে। এতে ক্ষুব্ধ হয়ে দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ছেলে সাজু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
সংশ্লিষ্টদের মতে, তারেক রহমানের সঙ্গে এই ব্যক্তিগত ও পারিবারিক সাক্ষাৎ মূলত মান-অভিমান ভুলে দলে ফেরার ইঙ্গিত। দীর্ঘ সময় ধরে চলা বৈঠকের পর রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে যে, সাজু শেষ পর্যন্ত দলীয় প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়াতে পারেন। তবে এই বিষয়ে সাজু বা দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।