ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত একটি সংগীতানুষ্ঠানে ডাকসুর এক নেতার রাজনৈতিক স্লোগানের বিপরীতে উপস্থিত শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া নজর কেড়েছে।

শনিবার রাত ৯টার দিকে ‘স্পিরিটস অব জুলাই’ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘এক্স ফোর্স প্রেজেন্টস কুয়াশার গান’ কনসার্ট চলাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ মঞ্চ থেকে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শুরু করেন। তবে ‘কোটা না সংস্কার?’ স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে মাঠে থাকা একাংশ শিক্ষার্থী ‘কোটা, কোটা’ বলে পাল্টা ধ্বনি দেন। পাশাপাশি অন্য একটি অংশকে ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’ বলে বিদ্রুপ করতে শোনা যায়।

এছাড়া তিনি যখন ‘গোলামী না সংস্কার?’ স্লোগান তোলেন, তখন দর্শকদের মধ্য থেকে ‘যুক্তরাজ্যের চাকরি’ বলে চিৎকার ওঠে। সর্বশেষ ‘আমি কে তুমি কে?’ স্লোগান শুরু হলে শিক্ষার্থীরা তাঁর নাম ধরে ব্যঙ্গাত্মক স্লোগান দিতে থাকেন।

কনসার্টে উপস্থিত ২০২২–২৩ শিক্ষাবর্ষের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল কাদের বলেন, “ডাকসুর এই নেতার বিভিন্ন বক্তব্য ও অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। সেই বিরক্তিরই বহিঃপ্রকাশ দেখা গেছে আজকের ঘটনায়।”

তিনি আরও জানান, সংগীতানুষ্ঠানের মতো একটি অরাজনৈতিক আয়োজনে এ ধরনের স্লোগান শিক্ষার্থীদের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে।

উল্লেখ্য, সিটি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই শীতকালীন কনসার্টে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন। তবে অনাকাঙ্ক্ষিত স্লোগান-পাল্টা স্লোগানের ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা ও সমালোচনার জন্ম দি­য়েছে।

.fb-background-color { background: #496aee !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }
Facebook Notice for EU! You need to login to view and post FB Comments!