ঐক্যবদ্ধ মেহেরপুর জেলা বিএনপি, খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনায় মেহেরপুর বিএনপি’র উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) মেহেরপুরে আয়োজিত এ বর্ধিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মেহেরপুর-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী জননেতা “মাসুদ অরুন”।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের এক আপসহীন প্রতীক। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবকহীন যুগে প্রবেশ করল।”
তিনি আরও বলেন, মরহুমার আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।
বর্ধিত সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশনেত্রীর রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন।
সভা শেষে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।


| ১৪ ফেব্রুয়ারি ২০২৬





















