কোকোকে ঘিরে কটূক্তি: ঝিনাইদহে ‘অবাঞ্ছিত’ ঘোষণা জামায়াত প্রার্থী আমির হামজা
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে জামায়াতে ইসলামীর নেতা ও কুষ্টিয়া-৩ আসনের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহ জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু নিজের ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন। স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সমর্থনমূলক মন্তব্য দেখা যায়।
পোস্টে তিনি উল্লেখ করেন, “মুফতি আমির হামজা তার বিকৃত ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।”
এ বিষয়ে সাজেদুর রহমান পপপু বলেন, “আরাফাত রহমান কোকো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। একজন মৃত মানুষকে নিয়ে এ ধরনের অশালীন বক্তব্য ইসলাম কখনোই অনুমোদন করে না। তাই বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে প্রবেশ করতে দেওয়া হবে না।”
উল্লেখ্য, ওয়াজ মাহফিল মৌসুমে মুফতি আমির হামজা ঝিনাইদহের ছয়টি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে নিয়মিত প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে থাকেন। কুষ্টিয়া ও ঝিনাইদহ পার্শ্ববর্তী জেলা হওয়ায় দুই জেলার মানুষের মধ্যে যাতায়াত ও সামাজিক যোগাযোগ ঘনিষ্ঠ।
এ ঘটনায় ঝিনাইদহ ও কুষ্টিয়া জুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে।


| ১৪ মে ২০২৬










